দক্ষিণ পূর্ব

২৩ মাস পর পূর্ণতা: উল্লাসে ভাসছে চট্টগ্রাম মহানগর যুবদল

ইমাম উদ্দিন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
পঠিত :
২৩ মাস পর পূর্ণতা: উল্লাসে ভাসছে চট্টগ্রাম মহানগর যুবদল

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নেতৃত্বের অনিশ্চয়তা কাটিয়ে আবার চাঙ্গা হয়ে উঠেছে চট্টগ্রাম মহানগর যুবদলের রাজনীতির মাঠ। মেয়াদোত্তীর্ণের অজুহাতে প্রায় ২৩ মাস আগে বিলুপ্ত করা মোশাররফ হোসেন দীপ্তি ও মোহাম্মদ শাহেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটিকে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল।


শুধু মহানগর নয়, এর অধীনস্থ ১৫টি থানা ও ১৭টি ওয়ার্ডের বিলুপ্ত কমিটিগুলোকেও সমমর্যাদায় ফিরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের পর পুরো দলজুড়ে বইছে আনন্দের বন্যা।


কমিটি পুনর্বহালের খবর ছড়িয়ে পড়তেই রাজপথে নেমে আসেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে নগর বিএনপি’র প্রধান কার্যালয় কাজীর দেউড়ি নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম মহানগর যুবদলের ব্যানারে জড়ো হন সর্বস্তরের রাজপথের সৈনিকরা। রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুন হাতে একে একে যোগ দেয় অসংখ্য আনন্দ মিছিল। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কাজীর দেউড়িসহ সংলগ্ন এলাকাগুলো। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের চেনা পদে ফেরার সুযোগ পেয়ে কেন্দ্রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উল্লাসিত নেতাকর্মীরা।


দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১শে সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় যুবদল ৩২ জন পদপ্রত্যাশী নেতার সাক্ষাৎকারও গ্রহণ করে। তবে দীর্ঘদিন পার হলেও নতুন কমিটি না আসায় সংগঠনে বড় ধরনের স্থবিরতা দেখা দেয়, ভেঙে পড়ে তৃণমূলের ধারাবাহিকতা। এই দীর্ঘ শূন্যতা কাটাতে এবং রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের ধরে রাখতে শেষ পর্যন্ত পুরনো কমিটির ওপরই আবারও আস্থা রেখেছে হাইকম্যান্ড।


তবে কেন্দ্রীয় এই সিদ্ধান্তে তৈরি হয়েছে দু’রকমের অনুভূতি। পুনর্বহাল হওয়া কমিটির নেতাদের দাবি—সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত কর্মীদের ত্যাগের মূল্যায়ন করা হয়েছে। সহ-সভাপতি শাহেদ আকবর ও দপ্তর সম্পাদক সাগির মাহমুদের মতে, অনাকাঙ্ক্ষিতভাবে ঝুলে থাকা কমিটি ফিরে পাওয়ায় নেতাকর্মীরা নতুন উদ্যমে কাজ শুরু করার শক্তি পেয়েছেন।


অন্যদিকে, বিলুপ্তির পর নতুন নেতৃত্বের প্রভাবে আসার স্বপ্ন দেখা একদল ত্যাগী ও মেধাবী সাবেক ছাত্রদল নেতার মাঝে দেখা গেছে ক্ষোভ ও হতাশা। তাদের মতে, দীর্ঘদিন পর পুরনো বিতর্কিত কমিটি ফেরানোয় দলে নতুন রক্ত সঞ্চালন ও নেতৃত্ব বিকাশের সুযোগ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।


সব দ্বিধাদ্বন্দ্ব ও বিতর্ককে দূরে ঠেলে দিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন পুনর্বহাল হওয়া মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি জানান, দুই বছর আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্তে তাদের কোনো ভুল পাননি কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


দীর্ঘ ২৩ মাস সাংগঠনিক কাঠামো ছাড়া চট্টগ্রাম যুবদলকে ঐক্যবদ্ধ রাখা এক বিশাল অর্জন উল্লেখ করে তিনি বলেন, "নতুন ও পুরনোদের সমন্বয়ে শতভাগ নিষ্ঠার সঙ্গে আমরা দলের আস্থা রক্ষা করবো এবং স্থবিরতা কাটিয়ে যুবদলের রাজনীতিতে আগের গতি ফিরিয়ে আনবো।"


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।