দক্ষিণ পূর্ব

৩০ লাখ শিক্ষার্থীর স্কুল ফিডিং চালু থাকবে, বিকল্প পদ্ধতি যাচাই করছে সরকার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ০১:৪৭ দুপুর
পঠিত : ৫৬
৩০ লাখ শিক্ষার্থীর স্কুল ফিডিং চালু থাকবে, বিকল্প পদ্ধতি যাচাই করছে সরকার

ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর জন্য চলমান স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কুপনভিত্তিক খাদ্য সরবরাহ এবং রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প পদ্ধতি যাচাই করছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় খাবার দেওয়া হচ্ছে। এই বৃহৎ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা, গুণগত মান এবং জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।’

তিনি বলেন, বিদ্যমান পদ্ধতির পাশাপাশি কুপনভিত্তিক খাদ্য সরবরাহ ও রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল নিয়েও সরকার কাজ করছে। তবে নতুন কোনো পদ্ধতি চালুর আগে এর সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন ও কার্যকারিতা মূল্যায়ন জরুরি। এ ধরনের উদ্যোগ পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

ববি হাজ্জাজ বলেন, বিকল্প পদ্ধতি যাচাইয়ের সময় বিদ্যমান কার্যক্রম বন্ধ করে দেওয়া বাস্তবসম্মত হবে না। বরং চলমান পদ্ধতির প্রয়োজনীয় উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে হবে।

প্রতিমন্ত্রী জানান, চলমান কার্যক্রমের মোট ২৬টি ক্রয় প্যাকেজের মধ্যে আটটির মেয়াদ শেষ হয়েছে। এসব ক্ষেত্রে বিদ্যমান দরপত্রের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা যাচাই করা হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগও নেওয়া হচ্ছে।

একই সঙ্গে খাদ্য সরবরাহের বিদ্যমান ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা, গুণগত মান, পুষ্টিমান, পরিবহন ও সংরক্ষণ এবং পরিবীক্ষণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশীদারত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা ও জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

সাক্ষাৎকালে ডব্লিউএফপি প্রতিনিধিদল চলমান স্কুল ফিডিং কার্যক্রমের একটি দ্রুত পর্যালোচনার প্রস্তাব দেয়। এ পর্যালোচনায় খাদ্য ও পুষ্টিমান, খাদ্য নিরাপত্তা ও গুণগত মান এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ কাজে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত দেওয়ার আশ্বাসও দেয় প্রতিনিধিদল।

ডব্লিউএফপি প্রতিনিধিরা জানান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সফল উদ্যোগ, চ্যালেঞ্জ এবং উত্তম চর্চাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণে তারা সহযোগিতা করতে আগ্রহী।

তারা আরও বলেন, স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করা গেলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি ও অর্থনীতিও উপকৃত হবে।

বৈঠকে ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার (গভর্নমেন্ট এনগেজমেন্ট) মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার (স্কুল ফিডিং) স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।