দক্ষিণ পূর্ব

৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০৭:৫৭ বিকাল
পঠিত : ৩
৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা

ফাইল ছবি

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের বিভিন্ন ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস)সহ কিছু প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংকসহ কয়েকটি ব্যাংক তাদের সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কারণে নির্দিষ্ট কিছু সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে গ্রাহকদের অবহিত করেছে।

একটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কিছু কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ডের লেনদেনের পাশাপাশি কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পিওএস সেবা ব্যবহার করা যাবে না।

তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। একই সঙ্গে অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের বাইরে থাকা অন্যান্য ব্যাংকেও ফান্ড ট্রান্সফার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে হঠাৎ সেবা বন্ধ থাকায় কিছু গ্রাহক ভোগান্তির কথা জানিয়েছেন। মালিবাগের একটি এটিএম বুথে টাকা তুলতে গিয়ে বিষয়টি জানতে পারেন গ্রাহক ইমদাদ হোসেন। তিনি বলেন, ব্যাংকের সেবা সাময়িক বন্ধ থাকতেই পারে। তবে গ্রাহকদের আগে জানানো হলে প্রয়োজন অনুযায়ী তারা টাকা তুলে রাখতে পারতেন।

ব্যাংকিং খাতে সিস্টেম উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখা নতুন নয়। প্রযুক্তিগত কাজের ধরন অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত নির্দিষ্ট সেবা সীমিত থাকতে পারে। কাজ শেষ হলে এসব সেবা স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিকল্প ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি।

তিনি আরও বলেন, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে বাংলাদেশ ব্যাংককে কোনো বিজ্ঞপ্তি বা পূর্বঘোষণা দেয়নি। ফলে হঠাৎ কিছু সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আরিফ হোসেন খান জানান, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ভালোভাবে নেননি। গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে তিনি গর্হিত হিসেবে দেখছেন এবং এ ঘটনায় গভর্নর ক্ষুব্ধ হয়েছেন।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।