চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের দাবি জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১৫ নভেম্বর) এ দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করেন। এতে বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এক্সেস রোড’ করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী। আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
এতে আরও বলা হয়, ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে ফ্যাসিবাদের সহযোগীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তাঁর স্মৃতি চিরস্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে বাকলিয়া এক্সেস রোড তাঁর নামে নামকরণ করা প্রয়োজন।
সিডিএ চেয়ারম্যান আইনজীবীদের বক্তব্য শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ, অ্যাডভোকেট সাদিয়া খানসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতারা।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।