বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়। তবে হঠাৎ করে তাঁকে অন্য কারাগারে স্থানান্তরের কারণ জানায়নি কারা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, চিন্ময় কৃষ্ণকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহের মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হন।
পরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
সোমবার তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের মধ্য দিয়ে দীর্ঘদিনের চট্টগ্রাম কারাবাসের অবসান হলো। তবে স্থানান্তরের পেছনে প্রশাসনিক নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।