আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।
চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সিআইপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী।
এতে আরও বক্তব্য দেন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক হাসান মাহমুদ গাদ্দাফী, জাকারিয়া বিন সাঈদ ও হাসিনা বেগম এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব রাতুল খানসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরও তীব্র নিন্দা জানান তারা।
বক্তারা এসব পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।