এমনকি নিজের সন্তানদের মধ্যেও ক্রিকেটের প্রতি আগ্রহ কমতে দেখছেন বলে জানিয়েছেন সাবেক এই পেসার।
উইজডেনের পডকাস্ট ‘দ্য স্কুপ’-এ কথা বলতে গিয়ে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন শোয়েব। তিনি বলেন, ‘ক্রিকেট মরে যাচ্ছে। গত ২০ বছর ধরেই এটি ধীরে ধীরে মরে যাচ্ছে।’
শোয়েবের মতে, নিয়মের পরিবর্তনের কারণে আধুনিক ক্রিকেট ক্রমেই ব্যাটারদের অনুকূলে চলে গেছে। বিশেষ করে ওয়ানডেতে দুটি নতুন বল ব্যবহারের নিয়ম ফাস্ট বোলারদের কার্যকারিতা কমিয়ে দিয়েছে।
শুধু নিয়মের পরিবর্তন নয়, তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো ব্যক্তিত্বসম্পন্ন ক্রিকেটারের অভাবও খেলাটির জনপ্রিয়তায় প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।
বাবর আজমের মতো জনপ্রিয় ক্রিকেটার থাকলেও পাকিস্তান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো খেলোয়াড় তৈরি করতে পারছে না বলে মন্তব্য করেন শোয়েব। নিজের ছেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার ছেলে আমাকে বলে—বাবা, আমাদের দলে তো কোনো আগ্রাসনই দেখি না।’
ক্রিকেটের পাশাপাশি নিজের খেলোয়াড়ি জীবনে বল টেম্পারিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন সাবেক এই পেসার। তার দাবি, ইংল্যান্ডে খেলার সময় তারা স্যান্ডপেপারের পরিবর্তে বোতলের ঢাকনা ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করতেন, যাতে রিভার্স সুইং পাওয়া যায়।
তিনি বলেন, ‘আমরা ইংল্যান্ডে স্যান্ডপেপার নয়, বোতলের ঢাকনা ব্যবহার করতাম।’
২০১৮ সালের অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে শোয়েব ইঙ্গিত দেন, এ ধরনের ঘটনা কখনো কখনো দলের অনেক খেলোয়াড়ের জানা থাকতে পারে।
উল্লেখ্য, ২০০৩ সালের মে মাসে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন শোয়েব। পাশাপাশি তাকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।
ক্রিকেটে আগের মতো আগ্রাসী ফাস্ট বোলিংয়ের উত্তেজনা ফিরিয়ে আনতে চান শোয়েব। এ জন্য টেস্ট ক্রিকেটে প্রতি ওভারে চারটি বাউন্সার দেওয়ার অনুমতি এবং এক বল ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে, এতে ব্যাটারদের জন্য বোলাররা আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন।
এমন নিয়মে টেস্ট ম্যাচ আয়োজনের জন্য আগাম এক লাখ ডলার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা।
এ ছাড়া শুধু প্রতিষ্ঠিত দলগুলোর দিকে নজর না দিয়ে উদীয়মান দেশগুলোতে ক্রিকেটের উন্নয়নে আরও উদ্যোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেওয়া কিংবা দেশটির ক্রিকেট পরিচালনায় যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই শোয়েবের। রাজনীতি ও পিসিবি থেকে দূরে থাকার প্রতিশ্রুতি তিনি মাকে দিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক এই ফাস্ট বোলার।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।