দক্ষিণ পূর্ব

আমিরাতের কাছে হেরে বাছাইপর্ব থেকেই বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০৪:১৩ সকাল
পঠিত : ৬১
আমিরাতের কাছে হেরে বাছাইপর্ব থেকেই বিদায় বাংলাদেশের


এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শেষ ম্যাচেও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে ব্যর্থতায় শেষ হয়েছে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের অভিযান।


শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর দুই গোল হজম করে বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে ফেরার আশা থাকলেও সেটি পূরণ হয়নি।


এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সাতটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপে।


এই গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়া সমান ১০ পয়েন্ট অর্জন করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সিরিয়া। ফলে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচের আগেই পরবর্তী পর্বে ওঠার আশা শেষ হয়ে যায়।


বাছাইপর্বে চার ম্যাচের মধ্যে দুটি জয় ও দুটি হার বাংলাদেশের। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারায় দলটি। তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পায় বাংলাদেশ। শেষ ম্যাচে আমিরাতের কাছে ২-০ গোলে হেরে অভিযান শেষ করে।


এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলকে জর্ডানে পাঠিয়েছিল। সেখানে বিদেশি কোচের অধীনে এক মাসের বেশি সময় অনুশীলন করে দল। জাতীয় ফুটবল দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে দেওয়া হয়েছিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। তবে দীর্ঘ প্রস্তুতির পরও সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।