ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠান কুসুম গ্রুপের পরিচালিত একটি ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হামলায় কারখানাটির মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোন আঘাতের পর কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৯৯৪ সালে ইউক্রেনে ওষুধ রপ্তানি ও পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করে কুসুম গ্রুপ। প্রতিষ্ঠানটি ভারতীয় নাগরিক রাজীব গুপ্তর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ২০০৯ সালে ইউক্রেনের সুমি শহরে ওষুধ উৎপাদন কারখানা চালু করে প্রতিষ্ঠানটি।
কুসুম গ্রুপ বর্তমানে ৫০টির বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করে। ইউক্রেনের পাশাপাশি উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের বাজারে এসব ওষুধ সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময়জুড়ে সুমির কারখানাটির কার্যক্রম চালু ছিল। তবে রোববারের হামলায় কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান।
জেলেনস্কি জানান, রুশ ড্রোন কিয়েভের পিভনিচনি সেতু এবং দিনিপ্রোর একটি যোগাযোগ কেন্দ্রেও হামলা চালিয়েছে। এসব ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।