দক্ষিণ পূর্ব

ইরানের সঙ্গে শান্তি আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৯:১১ সকাল
পঠিত : ৫৬
ইরানের সঙ্গে শান্তি আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি শাসিত বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে দুর্নীতি ও অপরাধ তদন্তে ভ্যান্সকে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।’

ট্রাম্পের এ ঘোষণায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের পরবর্তী পদক্ষেপ হিসেবে সামরিক হামলা জোরদার করা, যুদ্ধ থেকে সরে এসে বিষয়টি আরব মিত্রদের ওপর ছেড়ে দেওয়া কিংবা বর্তমান পরিস্থিতি বজায় রাখার মতো কয়েকটি বিকল্প বিবেচনা করছেন তিনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণার মধ্য দিয়ে ভ্যান্সকে দেওয়া আগের নির্দেশনা থেকেও সরে এলেন ট্রাম্প। চলতি বছরের শুরুতে ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব ভ্যান্সের ওপর দিয়েছিলেন তিনি। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর বিষয়ে ব্যক্তিগতভাবে আপত্তি ছিল ভ্যান্সের।

গত এপ্রিলে পাকিস্তান সফর করে ইরানি নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেন তিনি। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

সম্প্রতি ইরানের একজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পূর্ণাঙ্গ শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছিলেন ভ্যান্স। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জেনারেল মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠান তিনি। সেখানে শিগগিরই দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে বসার প্রস্তাব দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষে নিজেই আলোচনায় নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ভ্যান্স। তবে বৃহস্পতিবার ট্রাম্প সেই উদ্যোগ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্রেটিক পার্টি শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক দুর্নীতি ও অপরাধ সংঘটিত হচ্ছে। এসব বিষয়ে সম্পূর্ণ ও সর্বোচ্চ মনোযোগ দিতে আমি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে নির্দেশ দিয়েছি।’

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বর্তমানে বড় পরিসরে জালিয়াতির তদন্ত চলছে। এ ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের তথ্য-উপাত্তে এমন কোনো প্রমাণ নেই যে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটিক পার্টি শাসিত এলাকায় জালিয়াতির ঘটনা বেশি ঘটে।

অন্যদিকে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়া নিজের ৭০ জনের বেশি মিত্র, দাতা ও অন্য ব্যক্তিকে ক্ষমা করেছেন ট্রাম্প। এসব মামলার অনেকগুলোতেই বিপুল অঙ্কের অর্থ জালিয়াতির অভিযোগ ছিল।

ভ্যান্সের বিদেশ সফরও বাতিল

ইরানের সঙ্গে আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর কয়েকটি বিদেশ সফরের পরিকল্পনাও বাতিল করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগামী থ্যাংকসগিভিং সপ্তাহে ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ সফরের পরিকল্পনা ছিল ভ্যান্সের। তবে এখন এসব সফর হচ্ছে না।

গত অক্টোবর থেকে সফরের প্রস্তুতি চলছিল। গত সপ্তাহে কর্মকর্তাদের ডোমিনিকান প্রজাতন্ত্র সফরের কর্মসূচি বাতিল করতে বলা হয়। এরপর সোমবার কলম্বিয়া, আর্জেন্টিনা ও চিলি সফরের বাকি কর্মসূচিও বাতিল করা হয়। দেশ তিনটি ডানপন্থি সরকার দ্বারা পরিচালিত এবং ট্রাম্প প্রশাসনের মিত্র হিসেবে পরিচিত।

ভ্যান্সের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসনের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে সহায়তার জন্য ভাইস প্রেসিডেন্টের দল নিয়মিত সম্ভাব্য বিদেশ সফরের পরিকল্পনা পর্যালোচনা করে। কোনো সফর বিবেচনার বিভিন্ন পর্যায়ে থাকতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো সফর চূড়ান্ত বলে বিবেচিত হয় না।

ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের সমালোচনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ভ্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের হারের কারণ যুদ্ধ।’

তিনি আরও লেখেন, ‘আপনারা যদি মনে করেন, যুদ্ধটি সার্থক ছিল এবং এর জন্য আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও সার্থক ছিল, তাহলে সে যুক্তি তুলে ধরতে পারেন।’

ভ্যান্সের এসব মন্তব্যে ট্রাম্প অসন্তুষ্ট কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ নন। ট্রাম্প বলেন, ‘অনেকেই তাঁর মন্তব্য পছন্দ করেননি। কিন্তু আমি করিনি, তা নয়।’

হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা

ট্রাম্পের নতুন ঘোষণায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ বড় ধরনের সামরিক সংঘাত এড়িয়ে চললেও ছোটখাটো সংঘর্ষ, নৌ অবরোধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে।

যুদ্ধ আবারও জোরদার করতে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে ট্রাম্পকে কয়েকটি বিকল্প দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সাম্প্রতিক মাসগুলোতে এসব বিকল্প তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

তবে সম্প্রতি ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে তিনি এখন আর উদ্বিগ্ন নন। অথচ এই সক্ষমতার বিষয়টিকেই যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

তবে হরমুজ প্রণালি নিয়ে বিরোধ এখনো কাটেনি। তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর বন্ধ করে দেয় ইরান।

এর জবাবে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করে। এতে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো পাহারা ও টহলের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের তেল পরিবহন স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

প্রায় দুই সপ্তাহ আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া কয়েকটি শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে তারা প্রস্তুত।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘মার্কিন ভোটাররা তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এবার হোয়াইট হাউসের সিদ্ধান্ত নেওয়ার পালা।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। সব শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করাও রয়েছে। তাহলে ফলাফল দেখতে পাবেন। অন্যথায় যুদ্ধ বেছে নিন, আর আমাদের সতর্ক ও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যোদ্ধাদের ভয়াবহ আক্রমণ দেখুন।’

সূত্র: আলজাজিরা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।