বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে মিয়ানমার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় এক যুবককে বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়তে এবং তাঁর পাশে আরও দুজনকে কিরিচ হাতে অবস্থান নিতে দেখা যায়। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিও বিশ্লেষণ করে অস্ত্রধারী সাখাওয়াত হোসেন মুন্নাকে শনাক্ত করে পুলিশ। পরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে মুন্না ও তাঁর তিন সহযোগী মিজানুর, আরফাত হোসেন ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আতিকুর রহমান বলেন, ‘ভিডিও দেখে অস্ত্রধারী মুন্নাকে শনাক্ত করা হয়। পরে বিজিবি ও এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ঘটনায় ব্যবহৃত দুটি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, গোলাগুলির সময় কথিত জয়নাল বাহিনীর সদস্য মুন্নাকে বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়তে দেখা যায়। হঠাৎ গুলির শব্দে বটতলী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের ভাগনে মুন্না পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে সাড়ে তিন লাখ ইয়াবাসহ তৎকালীন র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সাখাওয়াত হোসেন মুন্না। তাঁর বিরুদ্ধে মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আতিকুর রহমান জানান, গোলাগুলির ঘটনায় অস্ত্র আইনে ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।