ঐকমত্য কমিশনের বৈঠকে একটি খালি চেয়ার নিয়ে জোনায়েদ সাকির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরে রাজনৈতিক প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, চেয়ারটি সালাউদ্দিন আহমেদের জন্য রাখা হয়েছিল বলে তাকে সেখানে বসতে বাধা দেওয়া হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘ঐকমত্য কমিশনে একদিনের একটি ঘটনা আজও আমার মনে আছে। চেয়ারটি খালি ছিল। স্বাভাবিকভাবেই আমি সেখানে বসতে যাচ্ছিলাম। তখন জোনায়েদ সাকি তেড়ে এসে বললেন, ওটা সালাউদ্দিন আহমেদের জন্য রাখা আসন।’
তিনি বলেন, ওই ঘটনার পর তাঁর মনে প্রশ্ন জাগে—এটি কি শুধু একটি আসনের বিষয়, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক মানসিকতা রয়েছে।
পাটওয়ারীর দাবি, আরেকদিন জোনায়েদ সাকি নিজেই বলেছিলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটিতে ঢুকে দলের ‘মস্তিষ্ক’ বদলে দেবেন এবং তাঁর কাছে সেটিই হবে বড় বিপ্লব। সাকির ওই বক্তব্যকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, বাংলাদেশের রাজনীতিতে বামপন্থী রাজনীতির একটি অংশ দীর্ঘদিন ধরে বড় রাজনৈতিক দলগুলোর ভেতরে প্রবেশ করে তাদের আদর্শিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছে—এমন একটি আশঙ্কা তাঁর রয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে বাম রাজনীতির বিভিন্ন ধারার প্রবেশের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বিএনপির ক্ষেত্রেও একই ধরনের কোনো রাজনৈতিক প্রকল্প রয়েছে কি না।
বিএনপির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে স্বীকার করে জাতীয়তাবাদী রাজনৈতিক কাঠামো তৈরি করা। একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নাগরিকদের অধিকারও সাংবিধানিক কাঠামোর অংশ বলে উল্লেখ করেন তিনি।
পাটওয়ারী বলেন, ইসলাম বা মুসলমানের বিরুদ্ধে কোনো রাজনৈতিক অবস্থানের বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় পরিচয় ও দেশপ্রেমকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার যেকোনো প্রকল্পের বিরুদ্ধেই তাঁর আপত্তি।
তিনি প্রশ্ন রাখেন, বিএনপিকে তার ঐতিহাসিক জাতীয়তাবাদী অবস্থান থেকে সরিয়ে ভিন্ন কোনো আদর্শিক পথে নেওয়ার রাজনৈতিক প্রকল্প চলছে কি না। এমন কোনো প্রকল্প থাকলে বিএনপির নেতৃত্বের উচিত তা জনগণের সামনে স্পষ্টভাবে ব্যাখ্যা করা বলেও মন্তব্য করেন তিনি।
পাটওয়ারী আরও বলেন, বিএনপির উচিত নিজেদের রাজনৈতিক পরিচয় ও আদর্শের প্রশ্নে পরিষ্কার থাকা এবং জোনায়েদ সাকি, নুরুল হক নুর, রাশেদ খানসহ যেকোনো মিত্রের রাজনৈতিক অবস্থান ও উদ্দেশ্য সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করা।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি শুধু ক্ষমতার হিসাব নয়; এর সঙ্গে দেশের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, জাতীয় পরিচয় এবং মানুষের রাজ নৈতিক আকাঙ্ক্ষাও জড়িত।
আর / দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।