দক্ষিণ পূর্ব

‘ক্ষমতার পালাবদলে বদলায় আশ্রয়দাতা, চলে সমঝোতার রাজনীতি’

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০১:১৬ দুপুর
পঠিত : ৩৫
‘ক্ষমতার পালাবদলে বদলায় আশ্রয়দাতা, চলে সমঝোতার রাজনীতি’

ছবি

বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের একটি অংশের মধ্যে এমন সমঝোতার রাজনীতি চলছে, যেখানে ক্ষমতার পালাবদল হলে এক পক্ষ দেশে ক্ষমতায় থাকে, অন্য পক্ষ বিদেশে গিয়ে তাদের আশ্রয়ে থাকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এ সভার আয়োজন করে এনসিপির জুলাই গণ-অভ্যুত্থান সেল।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাদের একটি অংশের সম্পর্ক বজায় থাকার কারণেই দলটির আন্দোলন সফল হয়নি। এ প্রসঙ্গে তিনি মালয়েশিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার একই বাড়িতে অবস্থান করার একটি অভিযোগ তুলে ধরে বলেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই বাড়িতে একজনের জায়গায় অন্যজন আশ্রয় নিচ্ছেন। তাঁর ভাষায়, এটি দুই পক্ষের মধ্যে এক ধরনের ‘সেটেলমেন্ট’ বা সমঝোতার রাজনীতি।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর এক পক্ষ দেশে ফিরে আসছে, অন্য পক্ষ বিদেশে আশ্রয় নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হলে দেশে আবারও নির্যাতন-নিপীড়নের পরিবেশ তৈরি হতে পারে।

আওয়ামী লীগের বিচার প্রশ্নে বিএনপির দ্বিচারিতা রয়েছে অভিযোগ করে হাসনাত বলেন, পলাতক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও দেশে অবস্থানরত ব্যক্তিদের ক্ষেত্রে একই ধরনের বিচারিক অগ্রগতি দেখা যাচ্ছে না। গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও এখনো একটি রায়ও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।

১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের বিচার দৃশ্যমান না হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেন, ২১৭টি আসন পেয়েও বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বাইরের অসংখ্য মানুষ অংশ নিয়েছেন। দেশকে রক্ষা করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

ভারতের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত সীমান্তপারের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দ্বৈতনীতি অনুসরণ করছে। তাঁর অভিযোগ, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা একটি রাজনৈতিক দল ভারতে বসে কার্যক্রম চালালেও দেশটি তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। তবে এ আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ যেন কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারখানা ধ্বংস হলে শ্রমিকদের কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে।

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও জামিন বাণিজ্যের মাধ্যমে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের দাগি আসামিদের অর্থের বিনিময়ে জামিন করানোর জন্য বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ দর-কষাকষি করছেন। জামিন বাণিজ্য বন্ধ না করলে বিএনপির জনগণের ঐক্য প্রত্যাশা করা উচিত নয়। জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করলে বিএনপিও অল্প সময়ের মধ্যে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

এনসিপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, জুলাই আন্দোলনের সমন্বয়কদের ওপর আক্রমণ ও হত্যার হুমকির ঘটনায় সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিচারিক প্রক্রিয়ায় বিচারের দাবি জানান। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের ওপর হামলা করছেন, তাঁদের বাংলাদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের আত্মবিশ্বাস ও দৃঢ়তার ঘাটতি রয়েছে। বিএনপির নমনীয়তা ও আপসকামিতার মূল্য শুধু দলটিকে নয়, দেশের জনগণকেও দিতে হতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া এবং অর্থের বিনিময়ে দলটির অপরাধীদের জামিন করানোর চেষ্টা চলছে। নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাময়িকভাবে আটক করে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে নেওয়ার রাজনৈতিক হিসাব থেকেই এমন তৎপরতা চলছে বলে মন্তব্য করেন সারোয়ার তুষার।

সরকারের প্রতি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলকে হুমকি বা চাপ দিয়ে সহযোগিতা পাওয়া যাবে না। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন—প্রধানমন্ত্রীকে সংসদে স্পষ্টভাবে এমন আহ্বান জানাতে হবে।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, আওয়ামী লীগের নাশকতার পেছনে ক্ষমাসুন্দর মানসিকতা অনেকাংশে দায়ী। বড় বড় বক্তব্য না দিয়ে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার দিকে নজর দিতে হবে।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেন, খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃশ্যমান বিচার এখনো দেখা যাচ্ছে না। সরকারকে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে সরকারের পরিণতিও বিগত সরকারের মতো হতে পারে।

সভায় শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, শহীদ আরাফাত হুসাইনের ভাই হাসান আলী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত আতিকুল গাজী এবং জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি সালমান হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।