চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের কোতোয়ালী থানার অধীন খাতুনগঞ্জের মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন তানজীরুল (২৮) ও অনীক দত্ত (২৭)। তাঁরা ছাত্রলীগের মিছিলে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি খাতুনগঞ্জের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে ঢুকে পড়েন। সেখানে তাঁরা ভাঙচুর চালান। পরে পালানোর সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন। এরপর তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।
বিএনপি নেতা শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলম বলেন, হামলায় প্রতিষ্ঠানের কাচের দরজা, একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিকেলে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানজীরুল ও অনীক দত্ত নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।