দক্ষিণ পূর্ব

গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০৬:৩২ সকাল
পঠিত : ৪৫
গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।’

তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে—এ কথা যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। অথচ যেসব শ্রমিকের কঠোর পরিশ্রমে শিল্প টিকে আছে, তাদের ন্যূনতম অধিকারও দেওয়া হচ্ছে না। যে শ্রমনীতি শ্রমিকের দুবেলা খাবার ও অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, সেই শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তিও এসব ষড়যন্ত্রের অংশ। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে।

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ কখনো দিল্লির আধিপত্য মেনে নেবে না।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও ঐক্যের পক্ষে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারই জাতীয় ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গণভোটের রায় উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। সরকার সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মেনে নিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের সাবেক মহানগর সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমজীবী ও মেহনতি মানুষ। শ্রমিকরা ভালো থাকলেই দেশ ভালো থাকবে। তাই রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে দেশকে রক্ষায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য সরকারকে প্রথমে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। গার্মেন্টস খাতের অস্থিরতা দূর করতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে অস্বচ্ছ ও গোপন চুক্তি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব চুক্তির শর্ত জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি। শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা হলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করবেন বলেও জানান।

সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পাশাপাশি তাদের নৈতিকতা ও দক্ষতা বিকাশে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী। কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।

সম্মেলনে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সাইফুল্লাহ মানসুর। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান, লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন ও রাজনীতিবিদ শফিউল আলম।

উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, মাওলানা মমতাজুর রহমান ও জুলাই ঐক্যের নেতা আবরার হাসান রিয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।