দক্ষিণ পূর্ব

ছেলের পাত্রী দেখে ফেরার পথে দুর্ঘটনা, খালে ডুবে বাবার মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০৩:১৪ রাত
পঠিত : ৯
ছেলের পাত্রী দেখে ফেরার পথে দুর্ঘটনা, খালে ডুবে বাবার মৃত্যু

ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা হেলাল উদ্দিনের (৫০)। তাঁর চালিত সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। এ সময় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিন। পাত্রী দেখা শেষে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। আহত হন তাঁর পরিবারের অন্য চার সদস্যও।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। অন্য চারজনের হাতে-পায়ে আঘাত রয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিনের মরদেহ থানায় রয়েছে। 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।