দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে এলপিজির বাজারে কঠোর নজরদারি, অনিয়মে ব্যবস্থা: ডিসি জাহিদ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ০৭:৫২ সকাল
পঠিত : ২১
চট্টগ্রামে এলপিজির বাজারে কঠোর নজরদারি, অনিয়মে ব্যবস্থা: ডিসি জাহিদ

ছবি চট্টগ্রাম জেলা প্রশাসক

Degchibarictg

এলপিজি গ্যাসের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে চট্টগ্রামে নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের পর গঠন করা হয়েছে তদারকি কমিটি। আমদানি থেকে শুরু করে পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যন্ত সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে চলছে পর্যবেক্ষণ। পাশাপাশি সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ অক্টোবর) সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে গ্যাস পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে জেলা প্রশাসন। কোনো পর্যায়ে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দাম আদায়ের সুযোগ দেওয়া হবে না।

তিনি জানান, দেশে এলপিজি আমদানি ও সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম। দেশের ২১টি মাদার প্ল্যান্টের মধ্যে সাতটি চট্টগ্রামে এবং বাকি ১৪টি মোংলায় অবস্থিত। চট্টগ্রামের প্ল্যান্টগুলোতে কোন প্রতিষ্ঠান কত পরিমাণ এলপিজি আমদানি করছে এবং আমদানি করা গ্যাস কোথায় সরবরাহ করা হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ লক্ষ্যে চট্টগ্রামে কার্যক্রম পরিচালনাকারী এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন। সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি তাঁদের নিয়ে গঠন করা হয়েছে একটি তদারকি কমিটি। এ কমিটির মাধ্যমে আমদানিকারকদের কাছ থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমদানির পর কতটুকু গ্যাস পরিবেশকদের কাছে যাচ্ছে এবং সেখান থেকে কী পরিমাণ খুচরা বাজারে পৌঁছাচ্ছে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা—সরবরাহের প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে গ্যাস আটকে রেখে সংকট তৈরি করতে কিংবা বাড়তি দামে বিক্রি করতে না পারে।

এদিকে এলপিজির মূল্যবৃদ্ধি ও মজুতদারির অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে। নতুন দাম কার্যকরের পর কোথাও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে জেলা প্রশাসন।

ডিলারদের বিরুদ্ধে মূল্য কারসাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এলপিজির দাম বাড়ানোর আগে চট্টগ্রামের কয়েকজন খুচরা ব্যবসায়ী জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। তাঁদের দাবি ছিল, কিছু ডিলার কারসাজির মাধ্যমে গ্যাসের দাম বাড়াচ্ছেন। তবে নতুন মূল্য কার্যকর হওয়ার পর এ ধরনের আর কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ না থাকলেও বাজার তদারকি অব্যাহত রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সরবরাহব্যবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

এলপিজির সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সংকটের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় কাতার ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে এলপিজি আমদানিতে জটিলতা তৈরি হয়েছিল। তবে দেশের অভ্যন্তরে গ্যাসের চাহিদা অপরিবর্তিত রয়েছে।

জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ১৮ লাখ মেট্রিক টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি খাত থেকে সরবরাহ করা হয় প্রায় ১ শতাংশ। বাকি চাহিদার বড় অংশ পূরণ করে প্রায় ১৯টি বেসরকারি প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহে চাপ তৈরি হলেও এর সুযোগ নিয়ে কেউ যাতে চট্টগ্রামের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য আমদানিকারক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করা এবং অবৈধ মজুতদারি ও মূল্য কারসাজি প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান ও তদারকি চলবে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।