চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ হাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমগির, ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, "এখানে মোট ১০টি কম্পিউটার আছে। যেসকল ডিপার্টমেন্টে কম্পিউটার ল্যাব নেই তারা এখানে এসে সফট স্কিল শিখা ও অনুশীলন করতে পারবেন। আমরা একটি কম্পিউটার ক্লাব করব সেই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।"
জানা গেছে, শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, গবেষণার সুযোগ বাড়ানো এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাকসুর উদ্যোগে এ হাব প্রতিষ্ঠা করা হয়েছে। এতে উচ্চ কনফিগারেশনের ১০টি কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটার গবেষণা, অনলাইন শিক্ষা, সফটওয়্যারভিত্তিক কাজসহ বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রমে ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।
চাকসু প্রতিনিধিবৃন্দ জানান, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে এ হাবে নিয়মিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হবে। এসব কার্যক্রমে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, উপস্থাপনা, ক্যারিয়ার প্রস্তুতিসহ বিভিন্ন সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমানের সার্বিক দায়িত্বে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানানো হয়।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।