চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ছাত্রী কল্যাণ বিভাগ।
ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চাকসু।
সোমবার (৫ অক্টোবর) চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। এ সময় চাকসুর ভিপি, জিএস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।
এর আগে বিজয়-২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলে সেলাই মেশিন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “এটি ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। হলেই সেলাই মেশিন থাকায় পোশাক সেলাই কিংবা প্রশিক্ষণের জন্য তাদের বাইরে যেতে হবে না। আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেলাই মেশিন ব্যবহারের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।”
প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া বলেন, ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনায় চাকসুর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। হলের আশপাশে টেইলার্সের সুবিধা না থাকায় সেলাই মেশিন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, “সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আয় করার সুযোগ তৈরি হবে। নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করেও তারা বাড়তি আয় করতে পারবেন। নারী উদ্যোক্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, মেশিন ব্যবহারে বা রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা হলে ছাত্রী কল্যাণ বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
প্রীতিলতা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, হলে সেলাই মেশিন দেওয়ায় শিক্ষার্থীরা খুশি। দৈনন্দিন প্রয়োজনে এসব মেশিন থেকে তারা উপকৃত হবেন।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।