দক্ষিণ পূর্ব

চবির হীরক জয়ন্তী আয়োজনে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে শিবিরের স্মারকলিপি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ ০৮:৫৯ সকাল
পঠিত : ৩৪
চবির হীরক জয়ন্তী আয়োজনে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে শিবিরের স্মারকলিপি

ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থে ঐতিহাসিক তথ্যের অসংগতি, অনুষ্ঠান আয়োজনে অব্যবস্থাপনা এবং পূর্বঘোষিত শুভেচ্ছা র‍্যালিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব দাবি জানিয়ে স্মারকলিপি দেয় ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল। শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে।

স্মারকলিপিতে ছাত্রশিবির জানায়, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হীরক জয়ন্তীর স্মারক গ্রন্থে চাকসুর সাবেক ভিপি ও জিএসদের নাম ও ছবি সংযুক্ত করা হলেও ১৯৮১ সালে অনুষ্ঠিত চাকসুর পঞ্চম কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং জিএস আব্দুল গাফফারের নাম ও ছবি বাদ দেওয়া হয়েছে। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি সংগঠনটির। এ ঘটনায় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় সংশোধন করে স্মারক গ্রন্থটি পুনরায় প্রকাশের দাবি জানানো হয়।

এ ছাড়া হীরক জয়ন্তী উপলক্ষে ছাত্রশিবিরের পূর্বঘোষিত শুভেচ্ছা র‍্যালিতে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়। সংগঠনটির দাবি, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া র‍্যালিটি সেন্ট্রাল ফিল্ডে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে র‍্যালিটি মাঠে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে এসে বাধা দেন। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবির। একই সঙ্গে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ ও পূর্বঘোষিত কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে হীরক জয়ন্তীর আয়োজন নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। ছাত্রশিবিরের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠান আয়োজন করা হয়নি। খাবার ও উপহারের সংকট, প্যান্ডেলের ভেতরে বৃষ্টির পানি প্রবেশসহ নানা অব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পাশাপাশি রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এসব বিষয় তদন্ত করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।

ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মর্যাদা রক্ষা এবং ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের গণতান্ত্রিক ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। হীরক জয়ন্তীর মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক আয়োজনে এ ধরনের অসংগতি ও অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। উত্থাপিত বিষয়গুলোর দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল সম্পাদক মো. ইসহাক ভূঞা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, শিক্ষা সম্পাদক সাজ্জাত হোছন মুন্না, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক ওয়াহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান, বিজ্ঞান ও আইটি সম্পাদক আবিদুরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।