দক্ষিণ পূর্ব

চবি সাংবাদিক সমিতির সঙ্গে প্রক্টরিয়াল বডির মতবিনিময় সভা

Jalal Rumi
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬ ০১:১২ দুপুর
পঠিত : ৩৯
চবি সাংবাদিক সমিতির সঙ্গে প্রক্টরিয়াল বডির মতবিনিময় সভা

চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে চবি প্রক্টরিয়াল বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের কনফারেন্স রুমে এ সভা হয়।

সভায় প্রক্টরিয়াল বডির পক্ষে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। সহকারী প্রক্টরদের মধ্যে ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলী, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল হামিদ কানন ও নাট্যকলা বিভাগের প্রভাষক মো. খায়রুল ইসলাম।

চবি সাংবাদিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক রাব্বি হোসেনসহ সমিতির সদস্যরা।

সভায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে প্রক্টরিয়াল বডি ও সাংবাদিক সমিতির যৌথ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়তে প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকদের সহায়তা ও সহযোগিতা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন। এ সময় ক্যাম্পাসের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন সাংবাদিক সমিতির সদস্যরা।

মতবিনিময় সভায় সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে সর্বদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কাজ করে গেছে। সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রক্টরিয়াল বডির সঙ্গে সাংবাদিক সমিতির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা আশা করি, প্রক্টরিয়াল বডির সদস্যরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন।”

অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি আজিম সাগর বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার পরিবেশ এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সহাবস্থান তৈরিতে মুখ্য ভূমিকা রাখবে প্রক্টর অফিস।

এসময় সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, "ক্যাম্পাসের নিরাপত্তা, বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ ও সিসিটিভি ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিতে প্রক্টর অফিসকে জোরালো পদক্ষেপ নিতে হবে। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের গঠনমূলক উদ্যোগে সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”

মতবিনিময় প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভুলত্রুটি নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক বিষয়েও সংবাদ প্রকাশ করা জরুরি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অবাধ তথ্যপ্রবাহ বজায় রাখতে হবে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সাংবাদিকরা সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন এবং যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়ে প্রক্টরিয়াল বডিকে সহায়তা করবেন।”

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রক্টর। তিনি বলেন, “ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। নারী প্রক্টর নিয়োগ ও প্রক্টরিয়াল বডির পরিধি বৃদ্ধি করা হবে। অস্ত্র পরিচালনা নীতিমালা কার্যকর করা হবে। রাতে নিয়মিত টহল জোরদার করা হবে। বহিরাগত বাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দ্রুতই প্রক্টর অফিসের জন্য অনলাইনে ফেসবুক পেজ চালু করা হবে। বিভিন্ন হলে অভিযানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা হবে। প্রক্টরিয়াল বডির জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন ও বাংলা অনুবাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।” 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।