চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পূজারির বেশে মন্দিরে প্রবেশ করে ভিড়ের মধ্যে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
২০ নভেম্বর দুপুরে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডের শ্রীশ্রী রাধা-গোবিন্দ ইসকন মন্দিরে অন্নকূট অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রাসনা দাশ ও তাঁর সঙ্গী ঝুমকি দাশ মন্দিরের অনুষ্ঠানে অংশ নিতে আসেন। বেলা ১টা ১০ মিনিটের দিকে মন্দিরে প্রবেশের জন্য গেটে পৌঁছালে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ধাক্কাধাক্কির সুযোগ নেয় অভিযুক্তরা। এ সময় কৌশলে তাঁদের গলায় থাকা স্বর্ণের চেইন দুটি চুরি করে নিয়ে যায় তারা। রাসনা দাশের চেইনটির ওজন ৬ আনা এবং ঝুমকি দাশের চেইনটির ওজন সাড়ে ৬ আনা।
পরে মন্দির কর্তৃপক্ষের সহায়তায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুই নারীকে শনাক্ত ও আটক করা হয়। খবর পেয়ে চান্দগাঁও থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চুরি যাওয়া স্বর্ণের চেইন দুটি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার দুজনের একজন শাড়ি পরে এবং হাতে ও কপালে শাঁখা-সিঁদুর ধারণ করে মন্দিরে প্রবেশ করেন। অন্যজন থ্রি-পিস পরিহিত অবস্থায় তাঁর সহযোগী হিসেবে চুরির কাজে অংশ নেন। চুরির উদ্দেশ্যে তাঁরা নিজেদের ধর্মীয় পরিচয় গোপন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা রয়েছে। অন্যদিকে আছিয়া বেগমের বিরুদ্ধে জিএমপি সদর থানা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়িসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আগের মামলার তথ্য ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই ধরনের কৌশল অবলম্বন করে বিভিন্ন স্থানে চুরির ঘটনায় তাঁদের জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডরমন্ডল আলগাবাড়ি এলাকার শহিদ মিয়ার মেয়ে মোছা. আনোয়ারা বেগম (২৫) এবং একই এলাকার বাচ্চু মিয়ার মেয়ে আছিয়া বেগম (২২)।
তাঁদের কাছ থেকে ৬ আনা ও সাড়ে ৬ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন এবং একটি সাদা রঙের শাঁখা উদ্ধার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।