দক্ষিণ পূর্ব

জঙ্গল সলিমপুরে জমি নিয়ে সংবাদ সম্মেলন, হুমকির অভিযোগ অস্বীকার পুলিশের

saiful
saiful
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ১১:৫৭ দুপুর
পঠিত : ২৬
জঙ্গল সলিমপুরে জমি নিয়ে সংবাদ সম্মেলন, হুমকির অভিযোগ অস্বীকার পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে জমি কেনা এবং সেই জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেছেন মীর মো. হাসান নামের এক ব্যক্তি। তবে ওই অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত সংবাদ সম্মেলনের ভিডিওর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, মীর মো. হাসান ও আসিফুল ইসলাম তাঁদের কেনা জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং এ বিষয়ে সহযোগিতা চাইতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসেছিলেন। এ সময় তাঁদের জমির দলিল ও পুলিশের কাছে থাকা ভূমি-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জমির পরিমাণ, দলিলে উল্লেখিত দাগ এবং বাস্তবে তাঁদের দখলে থাকা জমির অবস্থানের মধ্যে অসংগতি পাওয়া যায়।


জেলা পুলিশের দাবি, মীর মো. হাসান ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কেনার কথা বললেও তাঁর উপস্থাপিত দলিল অনুযায়ী, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নম্বর দাগে মাত্র ১ শতক জমির দলিল পেয়েছেন। ওই জমির নামজারি ও বাস্তব দখলও তিনি বুঝে পাননি বলে জানা গেছে।


একইভাবে আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও তাঁর দলিল অনুযায়ী, একই তারিখে বিএস ২০১ নম্বর দাগে ৪ শতক জমির দলিল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


এ ছাড়া তাঁদের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে জমির দখলে থেকে পাহাড় কেটে সমতল করা ও সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন তাঁরা। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁদের দখলে থাকা জমি বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমি বলে জানিয়েছে পুলিশ।


বিবৃতিতে আরও বলা হয়, জমির প্রকৃত মালিকানা, দখল, সীমানা ও বন্দোবস্তের বিষয়টি নিশ্চিত হতে জেলা প্রশাসন এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছিল। ওই সময় তাঁরা জঙ্গল সলিমপুরে জমি কেনাবেচার নামে প্রতারণার শিকার হয়েছেন বলেও জানান।


জঙ্গল সলিমপুরের ভূমি বাস্তবতা

জেলা পুলিশের ভাষ্য, জঙ্গল সলিমপুরের প্রায় ৯০ শতাংশ জমি সরকারি খাসজমি। দীর্ঘদিন ধরে সেখানে সরকারি জমি দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং জমি কেনাবেচার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।


বিবৃতিতে বলা হয়, অতীতে অপরাধী চক্রের প্রভাবের কারণে সাংবাদিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে দায়িত্ব পালন করতে বাধার মুখে পড়তে হয়েছে। দায়িত্ব পালনকালে একজন র‍্যাব সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।


বর্তমানে সরকারি উদ্যোগে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সরকারি জমির সুষ্ঠু ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সেখানে ছয়টি সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।


পুলিশের দাবি, এসব উদ্যোগের উদ্দেশ্য সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা বা তাঁদের বৈধ সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া নয়। বরং সরকারি খাসজমির অবৈধ দখল বন্ধ, প্রকৃত ভূমিমালিকদের অধিকার সুরক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।


অপপ্রচারের অভিযোগ পুলিশের

জেলা পুলিশের বিবৃতিতে জঙ্গল সলিমপুরে ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ তোলা হয়েছে।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্রশাসনের বিরুদ্ধে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। অর্থের বিনিময়ে কিছু নারীকে দিয়ে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপনের অভিযোগও করেছে জেলা পুলিশ।

মীর মো. হাসানের সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট তুলে না ধরার বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, জমির প্রকৃত দাগ, খতিয়ান, দলিল, নামজারি ও মৌজা নকশা যাচাই করে জমির মালিকানা নিশ্চিত করতে হবে। প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানাতে হবে।

একই সঙ্গে যাচাইবিহীন তথ্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।

সাংবাদিকদের প্রতিও আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, জমির দলিল, ভূমি রেকর্ড ও বাস্তব অবস্থা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।