দক্ষিণ পূর্ব

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামাল, বললেন ‘আমি ভয় পাই না’

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ০২:২০ দুপুর
পঠিত : ২৬
জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামাল, বললেন ‘আমি ভয় পাই না’


জামিনে মুক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন। মুক্তির পর নিজের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘আমি ভয় পাই না।’ এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম আদালত থেকে জামিনে মুক্তি পান কামাল উদ্দিন।

মুক্তির পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বাসা ঘিরে একদল আওয়ামী লীগের সন্ত্রাসী মব করার চেষ্টা করছিল। পরে পুলিশ হেফাজতে আমাকে নিয়ে আসে। কোনো মামলা না থাকায় জিডিমূলে জামিন পেয়েছি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা বলে যাব, আমি ভয় পাই না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে তারেক রহমানের জন্য দোয়া করেন তিনি, যেন সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এ সময় সরকার, প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের ওপর হামলার চেষ্টার কারণ সম্পর্কে কামাল উদ্দিন বলেন, শুক্রবার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে গালিগালাজ করেছিলেন তিনি। লকডাউন দেওয়ার প্রতিবাদে এমন মন্তব্য করার পর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাঁকে আক্রমণের চেষ্টা করেন। তবে হামলার চেষ্টাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি। তাঁদের মুখে মাস্ক ছিল বলে জানান।

নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এখনো ঝুঁকি রয়েছে। তবে প্রশাসন তাঁকে জানিয়েছে, কোনো ধরনের সন্দেহ হলে যোগাযোগ করতে। তারা সর্বাত্মক সহযোগিতা করবে। নিজের বক্তব্য ও কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

এর আগে শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিডিএ টেকের একটি ভাড়া বাসা থেকে কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শুক্রবার রাতে ওই বাসায় অবস্থানকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার স্থানীয় কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনকে মারধরের চেষ্টা করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে জামিন দেন।

ওসি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের আগে কামাল উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবীও ছিলেন তিনি। রাজনৈতিক পরিচয়ে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কামাল উদ্দিন। বিদেশে অবস্থানরত নেতারা দেশে থাকা কর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানালেও তাঁদের বিপদে খোঁজখবর নেন না বলে অভিযোগ করতেন তিনি।

গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি। তাঁর এসব বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।