দক্ষিণ পূর্ব

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের দাফন গ্রামের বাড়িতে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ ০৫:৪৬ সকাল
পঠিত : ৩৫
টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের দাফন গ্রামের বাড়িতে

ছবি

Degchibarictg

কক্সবাজারের টেকনাফে জিম্মিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে মানবপাচারকারী চক্রের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখকে তাঁর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার তাঁর মরদেহ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে তাঁকে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় জিম্মি থাকা ব্যক্তিদের উদ্ধারে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অভিযান চলাকালে সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীর ১ বীর ইউনিটের রঙ্গীখালী ক্যাম্পে কর্মরত সৈনিক তিতাস শেখের বাঁ কাঁধে গুলি লাগে।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ছিলেন।

এদিকে তিতাস শেখের আত্মত্যাগের মধ্য দিয়ে যৌথ বাহিনীর অভিযান সফল হয়। অভিযানে দুর্গম পাহাড়ের জিম্মিশালা থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচজন মানবপাচারকারীকে আটক করা হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।