জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ প্লেনের ভেতরে তোলা ছবিতে তাঁর সঙ্গে দলের আরও কয়েকজন নেতাকে দেখা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় ছবিটি তোলা হয়েছে। আগামী ৪ থেকে ৭ নভেম্বর সিউলে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইক্যাপ) ১৩তম সাধারণ অধিবেশন। এতে অংশ নিতে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া যাচ্ছে।
এদিকে, এনসিপি নেতাদের সফর উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রধান বক্তা হিসেবে থাকবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মনিরা শারমিন ও আলাউদ্দীন মোহাম্মদ।
এ উপলক্ষে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন, দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দেখা হচ্ছে। এনসিপির নেতাদের সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় সবার সঙ্গে দেখা ও মতবিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধনের অনুরোধ জানিয়েছে আয়োজক সংগঠন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।