চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে যাত্রা শুরু করেছে বিশেষায়িত পশু হাসপাতাল চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার (সিএসভিসি)। পোষ্য প্রাণীর উন্নত চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হাসপাতালটি নগরীতে পশুচিকিৎসাসেবার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর এবং ইনফ্লুয়েন্সার পাপড়ি সিকদার।
উদ্যোক্তারা জানান, কুকুর, বিড়ালসহ বিভিন্ন পোষ্য প্রাণীর জরুরি ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সিএসভিসি প্রতিষ্ঠা করা হয়েছে। হাসপাতালটিতে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা, উন্নত রোগ নির্ণয়, বিশেষায়িত অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা পরামর্শ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে নগরজীবনে পোষ্য প্রাণী অনেক পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এসব প্রাণীর জটিল রোগ, দুর্ঘটনা কিংবা গভীর রাতে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে উপযুক্ত সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সিএসভিসির যাত্রা শুরু হয়েছে।
এয়াকুব গ্রুপের কো-চেয়ারম্যান নাহিদ ফারহানার উদ্যোগে একদল পশুচিকিৎসক ও পেশাজীবীর সমন্বয়ে হাসপাতালটি গড়ে উঠেছে। উদ্যোক্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সবাই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসাপদ্ধতির সমন্বয়ে পোষ্য প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী বলেন, মানুষের মতো প্রাণীদেরও অসুস্থতা ও দুর্ঘটনার সময় যথাযথ চিকিৎসা প্রয়োজন। পোষ্য প্রাণীর জন্য আধুনিক, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের মানুষ যেন তাঁদের প্রিয় পোষ্যকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে বাধ্য না হন, সেই লক্ষ্য নিয়ে সিএসভিসি কাজ করবে। এ হাসপাতালের মাধ্যমে অঞ্চলে পশুচিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, পশুচিকিৎসায় আধুনিক রোগ নির্ণয়, দক্ষ চিকিৎসক, উন্নত সরঞ্জাম ও নিবিড় পরিচর্যার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে এসব সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়। পাশাপাশি প্রাণীর প্রতি মানবিক আচরণ, বৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতি ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করাও জরুরি। এ ধরনের উদ্যোগ চট্টগ্রামে পোষ্য প্রাণীর চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান নাহিদ ফারহানা বলেন, পোষ্য প্রাণীর চিকিৎসায় জরুরি মুহূর্তে দ্রুত সেবা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজন বিবেচনায় নিয়ে সিএসভিসি প্রতিষ্ঠা করা হয়েছে। ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা, উন্নত রোগ নির্ণয়, বিশেষায়িত অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার মাধ্যমে পোষ্য প্রাণীর জন্য নির্ভরযোগ্য চিকিৎসাব্যবস্থা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। পাশাপাশি পোষ্য প্রাণীর মালিকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতাও দেওয়া হবে।
হাসপাতালটির পরিচালক ডা. পার্থ সামন্ত বলেন, পোষ্য প্রাণীর অনেক অসুস্থতা ও দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএসভিসিতে জরুরি চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পোষ্য প্রাণীর মালিকদের সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. শুভ কান্তি দাশ, ডা. মো. আসলাম হোসেন, ডা. উম্মে খায়ের ফাতেমা সাদী, ডা. ফারজানা আক্তার, ডা. কাজী আসমা আকতার, ডা. অন্দ্রীলা আক্তার, ডা. মুহাম্মদ সায়েম আব্দুল্লাহ, ডা. আরফানুল সাইফ, ডা. মো. শাহাদাত হোসেন, ডা. নাজিফা তাবাসসুম আরশী, ডা. মো. নাঈম উদ্দিন নিপু, ডা. বৃষ্টি ধর নন্দিতা ও প্রকৌশলী ময়ূখ দে। এ ছাড়া চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এবং পোষ্য প্রাণীর মালিকেরা উপস্থিত ছিলেন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।