দক্ষিণ পূর্ব

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ০৭:৪৩ সকাল
পঠিত : ৪৪
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিন জেলা আদালতের বিচারক এরিক আর কোমিটি এ রায় ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালে সংঘটিত এই ষড়যন্ত্রের ঘটনায় চলতি বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আট মাসের বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় এলো।

মার্কিন কৌঁসুলিদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত হয়ে আসিফ এই হত্যার পরিকল্পনা করেছিলেন। ২০২০ সালে আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আদালতে আসিফ স্বীকার করেন, তিনি আইআরজিসির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে তার দাবি, ইরানে থাকা পরিবারের নিরাপত্তার হুমকির মুখে তিনি এ কাজে বাধ্য হন। ইরানের এক নিয়ন্ত্রক তাকে তিনজন সম্ভাব্য লক্ষ্যবস্তুর নাম দিয়েছিলেন। তবে কাউকে হত্যার সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়নি বলে জানান তিনি।

বিচার চলাকালে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ২০২৪ সালের নির্বাচনে তিনজনই প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।

যেভাবে ব্যর্থ হয় হত্যার পরিকল্পনা

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে অথবা ২০২৩ সালের শুরুর দিকে আইআরজিসির সঙ্গে কাজ শুরু করেন আসিফ। এ সময় তিনি গোয়েন্দা কৌশল ও নজরদারি এড়ানোর প্রশিক্ষণ নেন। কয়েকবার ইরান সফর করে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকও করেন।

২০২৪ সালে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় হত্যার পরিকল্পনা বাস্তবায়নে লোক নিয়োগের জন্য। এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিউইয়র্কে পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। তবে ওই ব্যক্তি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দেন এবং গোপন তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন।

পরবর্তী সময়ে আসিফ যাদের ভাড়াটে খুনি মনে করেছিলেন, তারা আসলে ছিলেন ছদ্মবেশী মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তা। তাদের সঙ্গে হত্যাকাণ্ড বাস্তবায়ন, নথিপত্র চুরি এবং রাজনৈতিক সমাবেশে বিক্ষোভ আয়োজন নিয়ে আলোচনা করেন তিনি।

কৌঁসুলিদের দাবি, হত্যার পরিকল্পনার অগ্রিম অর্থ হিসেবে কথিত ভাড়াটে খুনিদের ৫ হাজার ডলার দিয়েছিলেন আসিফ। ২০২৪ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ডে যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এর একদিন পর পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর হামলা হয়। তবে ওই হামলার সঙ্গে আসিফ মার্চেন্টের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

আত্মপক্ষ সমর্থন ও পাকিস্তানের তদন্ত

আদালতে আসিফের আইনজীবীরা দাবি করেন, ইরানি এজেন্টের চাপ ও পরিবারের ক্ষতি করার হুমকির কারণে তিনি পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন। তার ধারণা ছিল, মার্কিন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পরিকল্পনাটি নস্যাৎ করবে।

তবে কৌঁসুলিরা এ দাবি প্রত্যাখ্যান করেন। তাদের ভাষ্য, কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের যুক্তরাষ্ট্র ও ট্রাম্পবিরোধী বিভিন্ন পোস্ট তার পরিকল্পনায় আগ্রহের বিষয়টি প্রমাণ করে। বিচারকও পরিবারের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের বিষয়টি স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন বলে মন্তব্য করেন।

আসিফ গ্রেপ্তারের পর পাকিস্তানেও তদন্ত শুরু হয়। গত আগস্টে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগের বরাত দিয়ে জিও নিউজ জানায়, পাকিস্তানে আসিফের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি। তার ভ্রমণ, মোবাইল সিম ও যানবাহনের তথ্য যাচাই করে কর্তৃপক্ষ।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আসিফের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।