থাইল্যান্ডের ফুকেটে একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি রেন্ট-এ-কারে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
পুলিশ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ, নাকি অন্য কোনো কারণে রেন্ট-এ-কারটিতে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফুকেটের পশ্চিম উপকূলের কাছে টাউন এলাকায় ভবনটির অবস্থান। এলাকাটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্রসৈকত হিসেবে পরিচিত।
এর আগে প্রায় চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ভবনে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
এসআই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।