দক্ষিণ পূর্ব

দীর্ঘ এক দশকের পথচলা শেষে আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ

saiful
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০৫:৩৩ সকাল
পঠিত : ১৭
দীর্ঘ এক দশকের পথচলা শেষে আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ


দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ।

প্রীতম হাসান তার পোস্টে জানান, শেহতাজের সঙ্গে ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ বলেও জানান।

তাদের ভাষ্য, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই উভয়ের জন্য ভালো হবে। তবে একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে।

প্রীতম বলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘ সময় ভেবে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।

এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত জীবন, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। একই সঙ্গে বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন প্রীতম ও শেহতাজ।

প্রসঙ্গত, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি শেয়ার করতে দেখা গেছে তাদের।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।