শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, নগরীর প্রতিটি এলাকার মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ পুরো শীত ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
উদ্বোধন করা পাঁচটি সড়ক হলো—ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক, একই লেইনের আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।
ডা. শাহাদাত হোসেন বলেন, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। শুধু প্রধান সড়ক নয়, প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সিটি কর্পোরেশন কাজ করছে।
উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, রাস্তা নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে। এ বিষয়ে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়নকাজের মান বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নাগরিকদের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।