দক্ষিণ পূর্ব

পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে সাতকানিয়ায় বিএনপির বিক্ষোভ

saiful
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ ০৭:৪২ সকাল
সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট আগে
পঠিত : ২৮
পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে সাতকানিয়ায় বিএনপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বিএনপি ও দলটির নেতা-কর্মীদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, একই দিন কেরানীহাটে এনসিপির একটি কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারী বিএনপি ও দলটির নেতা-কর্মীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাসীরুদ্দীন পাটোয়ারীকে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীহাটের সি ওয়ার্ল্ড কনভেনশন হলে উপজেলা এনসিপির উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

বক্তব্যে তিনি বিএনপিকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা যখন নতুন স্বপ্নের কথা বলি, তারা আমাদের তকমা দেয় বেয়াদব। শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ হতে রাজি না।’

তিনি আরও বলেন, ‘একটা হলো ভারতের দালাল আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ), আর একটা হলো মানুষের পকেট কেটে নেওয়া চাঁদাবাজ বিএনপি— এই দুই দল বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে।’

পাটোয়ারীর এসব বক্তব্যের পরই রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।