দক্ষিণ পূর্ব

পুতিনকে বন্ধু বলায় ট্রাম্পের ওপর ক্ষেপলেন জেলেনস্কি

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০৮:০৪ সকাল
পঠিত : ৬০
পুতিনকে বন্ধু বলায় ট্রাম্পের ওপর ক্ষেপলেন জেলেনস্কি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করার পর তাঁকে ‘খুনি’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কীভাবে সম্বোধন করবেন, সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। তবে ইউক্রেনের কাছে তিনি শত্রু এবং একজন খুনি।

চলতি সপ্তাহে চীনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প তাঁকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। দুই নেতার মধ্যে বহু বছরের চমৎকার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ট্রাম্পের এমন অবস্থানের সমালোচনা করে জেলেনস্কি বলেন, পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার অর্থ হলো, তাঁর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হচ্ছে না। তাঁর ভাষায়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছে পুতিন একজন খুনি। কারণ, তিনি প্রতিদিন ও প্রতি রাতে মানুষ হত্যা করছেন।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার রাতভর জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।

এর আগে শুক্রবার রাজধানী কিয়েভের সেতু এবং পশ্চিম ইউক্রেনের রেলস্টেশন লক্ষ্য করে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হন। ওই হামলায় ১১০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এবং ৪০০টির বেশি ড্রোন ব্যবহার করা হয়। জেলেনস্কি হামলাটিকে চলতি বছরের সবচেয়ে বড় আক্রমণ বলে উল্লেখ করেন।

ইউক্রেনের ক্রিমিয়া সেতুতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কয়েক দিন পরই রাশিয়ার এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার ইউক্রেনে হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন যুদ্ধের অবসান ঘটাতে চান। জেলেনস্কি ও পুতিন—দুজনই যুদ্ধ শেষ করতে চান এবং তাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক থাকাটা ইতিবাচক বিষয়।

এদিকে প্রতিবেশী পোল্যান্ড জানিয়েছে, শুক্রবার সকালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করা তিনটি বস্তুর মধ্যে একটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ওয়াদিস্লাভ কসিনিয়াক-কামিশ জানান, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নোভি লিপোভিচ এলাকার একটি গ্রামীণ অঞ্চলে আঘাত হানে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে হচ্ছে না। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওয়ারশ ঘটনাটিকে মস্কোর উসকানি হিসেবে বর্ণনা করেছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি জানান, প্রতিক্রিয়ায় ন্যাটোর যুদ্ধবিমান আকাশে উড়ানো হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।