হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার আবারও আলোচনায় এসেছেন। তবে এবার অভিনয়ের কারণে নয়, প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে বিশেষ ভূমিকা রাখার জন্য। জেনিফারের নতুন জীবনের শুরুতে পাশে ছিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসি। বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন টোবি ম্যাগুয়ার নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের কয়েকটি ছবি ঘিরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জিয়োফ্রি ওগুনলেসি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার।
তারকাদের উপস্থিতিতে জাঁকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠানটি। অতিথিদের তালিকায় ছিলেন র্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।
টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের পরিচয় থেকে প্রেম, এরপর দাম্পত্যের শুরু ২০০৭ সালে। প্রায় নয় বছর পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এ দম্পতির দুই সন্তান রয়েছে।
বিচ্ছেদের পর জেনিফারের জীবনে নতুন সম্পর্কের সূচনা হয় জিয়োফ্রির সঙ্গে। ২০২৩ সালে তাঁদের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে। ওই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে লালগালিচায় দেখা যায়। পরে ২০২৪ সালের আগস্টে বাগ্দানের খবর জানান জেনিফার।
এরপর গত ২১ জুন পিতৃদিবসে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জিয়োফ্রির সঙ্গে সন্তানের জন্মের খবর প্রকাশ করেন জেনিফার। এর কয়েক মাসের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তাঁরা।
প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবি ম্যাগুয়ারের উপস্থিতি এবং অনুষ্ঠান পরিচালনায় তাঁর ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে। বিচ্ছেদের পরও সাবেক সঙ্গীর জীবনের গুরুত্বপূর্ণ দিনে পাশে দাঁড়ানোর ঘটনাটি নজর কেড়েছে বিনোদনপ্রেমীদের।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।