ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাদ্দামের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।এতে ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার বিকল করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।