ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতাকে পিটিয়ে ও গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা এলাকার মুক্তার মোল্লার ছেলে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাজু মোল্লাকে সড়কে একা পেয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজু মোল্লাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মীদের ভাষ্য, রাত ৮টার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় আগুন জ্বালিয়ে সড়কের একাংশ অবরোধ করেন। এতে পুকুরিয়া থেকে হামিরদী বাসস্ট্যান্ড পর্যন্ত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সরে যান। পরে যানজট স্বাভাবিক হতে প্রায় আধা ঘণ্টা সময় লাগে।
এর কিছুক্ষণ পরই রাজু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফায়ার ফাইটার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। হতাহতের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য ছিল না।
এ বিষয়ে জানতে ভাঙ্গা থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত রাজু মোল্লার মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।