ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সব ষড়যন্ত্র রুখে দিতে দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে সরকার নিজের পায়ে নিজেই কুড়াল মারবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিআইএ মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ ও ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, মুহাম্মদ নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারদলীয় সংসদ সদস্যদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সাত দফা জনদাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন বাজি রেখে ফ্যাসিবাদ উৎখাত করেছিল। পতিত স্বৈরাচার আবারও দেশকে ধ্বংসের পাঁয়তারা করলে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা জুলাই যোদ্ধা হয়ে তাদের প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।