ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হারমানপ্রীত কৌর। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি তিন ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।
৩৭ বছর বয়সী হারমানপ্রীত ভারতকে পাঁচ টেস্ট, ৫১ ওয়ানডে ও ১৫৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে তার শেষ অধ্যায়ও এসেছে শিরোপা জয়ের মধ্য দিয়ে। গত মাসে নিসিনে তার নেতৃত্বে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের স্বর্ণপদক জেতে।
নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন হারমানপ্রীত। বৈঠকে ছিলেন সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারও। এর একদিন পরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে হারমানপ্রীত লিখেছেন, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না। এর সঙ্গে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত জড়িয়ে রয়েছে।
তিনি বলেন, ভারতীয় নারী ক্রিকেট ও দলকে তিনি তার সামর্থ্যের সবটুকু দিয়েছেন। অনেক সময় ব্যক্তিগত পারফরম্যান্স, উন্নয়ন ও নিজের চাওয়াকে পাশে রেখে দলকে অগ্রাধিকার দিয়েছেন।
অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে কঠিন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও উল্লেখ করেন হারমানপ্রীত। তার ভাষ্য, সব সিদ্ধান্ত সবার কাছে সহজ বা গ্রহণযোগ্য ছিল না। তবে প্রতিটি সিদ্ধান্তের লক্ষ্য ছিল দলকে আরও শক্তিশালী করা এবং খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।
চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায়ের পর নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচক কমিটির মধ্যেও এ বিষয়ে মতভেদ ছিল বলে জানা যায়। যদিও হারমানপ্রীত ২০২৮ সালের অলিম্পিক গেমসেও ভারতকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আবেগ থাকলেও নিজের দলকে নিয়ে আশাবাদী হারমানপ্রীত। তিনি বলেন, দল এখন প্রতিভা, চরিত্র ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ অবস্থানে রয়েছে। এই দলের ভবিষ্যতের অংশ হতে পারাকে তিনি রোমাঞ্চকর বলেও উল্লেখ করেন।
দায়িত্ব পালনে সন্তুষ্টি প্রকাশ করে হারমানপ্রীত বলেন, তিনি তার দায়িত্ব যথাসাধ্য পালন করেছেন এবং ভারতীয় নারী ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার সুযোগের জন্য চিরকৃতজ্ঞ।
তবে ক্রিকেট থেকে এখনই সরে যাচ্ছেন না তিনি। অধিনায়কত্ব শেষ হলেও খেলোয়াড় হিসেবে ভারতীয় ক্রিকেটের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে বলে জানান হারমানপ্রীত। সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখন থেকে আবারও শুধু খেলার প্রতি ভালোবাসা নিয়েই মাঠে নামতে চান।
‘অধিনায়কত্ব শেষ হলো, যাত্রা চলবে’—এই বার্তা দিয়েই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা শেষ করেন হারমানপ্রীত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।