দক্ষিণ পূর্ব

জেলা প্রশাসকের বছরপূর্তি

ভূমি সেবায় দেশসেরা চট্টগ্রাম, এক বছরে জেলা প্রশাসকের নানা অর্জন

saiful
saiful
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৬ সকাল
পঠিত : ১৪৩
ভূমি সেবায় দেশসেরা চট্টগ্রাম, এক বছরে জেলা প্রশাসকের নানা অর্জন

ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে দেশের সব জেলার মধ্যে প্রথম স্থান অর্জন, প্রবাসীদের নিয়ে অনলাইনে গণশুনানি, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা, এক দিনে এক লাখ গাছের চারা রোপণ এবং প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশের সুযোগসহ নানা উদ্যোগ ও অর্জনের মধ্য দিয়ে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।


‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্য সামনে রেখে গত এক বছরে মানবিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গত বছরের ১৮ নভেম্বর চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন তিনি। দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে রোববার বেলা ১টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক।

সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করা ছিল প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনে ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে চট্টগ্রাম দেশের সব জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়েও সম্মাননা পেয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে, শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সারা দেশের মধ্যে সর্বোচ্চসংখ্যক নিবন্ধন হয়েছে চট্টগ্রামে।

জেলা প্রশাসনের অন্যতম আলোচিত উদ্যোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা। ওই এলাকার নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১৬ কিলোমিটার সড়ক নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।

পরিবেশ সংরক্ষণে গত ২৭ অক্টোবর এক দিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করে জেলা প্রশাসন। ‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের ১৬টি উপজেলা ও মহানগরীর প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন। পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণে সরকারের জাতীয় পরিকল্পনার সঙ্গে স্থানীয় পর্যায়ের উদ্যোগকে যুক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়।

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাতেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ১০০ গ্রাম ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে। সংগৃহীত প্লাস্টিক পরিবেশসম্মত উপায়ে পুনর্ব্যবহারের জন্য বিশেষ চুক্তি করা হয়েছে। এ কার্যক্রম থেকে পাওয়া অর্থ পরিবেশ উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে বলে জানানো হয়।

ভূমি সেবায় হয়রানি কমাতে সহায়তা কেন্দ্রগুলো অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের কাজের সময়সূচি ও কার্যক্রম তদারকিতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনতে প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের সমস্যা সমাধানেও অনলাইনে নিয়মিত গণশুনানি পরিচালনা করা হচ্ছে।

নগরীর সাংস্কৃতিক ও বিনোদনমূলক পরিবেশ উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ডিসি পার্কে চতুর্থবারের মতো বৃহৎ পরিসরে মাসব্যাপী ফুল উৎসব আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কজুড়ে আলপনা আঁকা, ডিসি হিলে সব সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণে নববর্ষ উদ্‌যাপন, নজরুল স্কয়ার স্থাপন এবং আন্তর্জাতিক মানের মঞ্চ নির্মাণ করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘ ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েট উপাচার্যকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। সীতাকুণ্ডে পাঁচ ঘণ্টার মহাসড়ক অবরোধ নিরসনে আট দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে অধিকাংশ দাবি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার তদারকি এবং নিহতদের পরিবারপ্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম নগরের বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে আহত পথচারী শিশু রেশমীর চিকিৎসার বিষয়েও সার্বিক তদারকি ও সহায়তা করেন জেলা প্রশাসক।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ‘ফেস্টিভ সেল’ আয়োজনের পাশাপাশি বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকে গত এক বছরের কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন জেলা প্রশাসক। জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। কোনো স্বার্থান্বেষী মহল বা চক্রান্তের কারণে এ সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।

এদিকে কর্ণফুলী নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং নদী দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং নিশ্চিত করার পাশাপাশি খাল ও নালায় বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। একটি নিরাপদ, মানবিক ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, টাইমস অব বাংলাদেশ চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।

সাইফুল/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।