৫০ বছর বয়সী ফাতিমা জাহরা পেশায় একজন আইনজীবী। রাজনীতিতে আসার আগে ও পরে স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ সালে প্রথম নারী হিসেবে মারাকেশের মেয়র নির্বাচিত হন। ২০২১ সালের নির্বাচনের পর আবারও শহরটির মেয়রের দায়িত্বে ফেরেন তিনি। এর আগে জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর পরিকল্পনা, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
তাঁর নিয়োগের মধ্য দিয়ে আরব বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হলেন ফাতিমা জাহরা। এর আগে তিউনিসিয়ার নাজলা বুদেন আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মরক্কো সাংবিধানিক রাজতন্ত্র। দেশটির গুরুত্বপূর্ণ নির্বাহী ক্ষমতার একটি বড় অংশ বাদশাহর হাতে রয়েছে। সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদের নির্বাচনে সর্বাধিক আসন পাওয়া দলের মধ্য থেকে সরকারপ্রধান নিয়োগ করেন বাদশাহ।
তবে সরকার গঠনের জন্য পিএএমকে জোটের ওপর নির্ভর করতে হবে। ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে দলটি পেয়েছে ৯৭টি আসন। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৯৮টি আসন। ফলে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার গঠন করতে হবে পিএএমকে।
এ ক্ষেত্রে জোট গঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে। বিদায়ী সরকারের প্রধান অংশীদার ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেনডেন্টসের (আরএনআই) সঙ্গে পিএএমের সম্পর্কের অবনতি হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
অন্যদিকে ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) এবারের নির্বাচনে ৫৪টি আসন পেয়েছে। আগের নির্বাচনে দলটির আসন ছিল ১৩টি। দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরানের নেতৃত্বে পিজেডি নির্বাচনে উল্লেখযোগ্যভাবে আসন বাড়ালেও তিনি জানিয়েছেন, তাঁর দল বিরোধী দলে থাকবে এবং পিএএমের সঙ্গে জোট করবে না।
রাজনীতিতে আসার পর থেকেই ফাতিমা জাহরা মরক্কোর প্রভাবশালী নারী রাজনীতিকদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন। ২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠার পর তিনি দলটির রাজনীতিতে সক্রিয় হন। রাবাতের মোহাম্মদ পঞ্চম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ব্যবসা ও করপোরেট আইন বিষয়ে উচ্চশিক্ষা নেন।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি পিএএমের নেতৃত্ব জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। নতুন সরকারপ্রধান হিসেবে তাঁর সামনে এখন জোট গঠন এবং সংসদে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার বড় রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।
সূত্র: বিবিসি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।