দক্ষিণ পূর্ব

মাত্র ১ ইউরোতে ঐতিহাসিক ক্লাব বোর্দোর মালিকানা

saiful
saiful
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ০২:২৮ দুপুর
পঠিত : ২
মাত্র ১ ইউরোতে ঐতিহাসিক ক্লাব বোর্দোর মালিকানা
Degchibarictg

ফরাসি ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব জিরোন্দাঁ দে বোর্দো মাত্র ১ ইউরোর প্রতীকী মূল্যে বিনিয়োগ গ্রুপ পার্ক বেঞ্চের কাছে বিক্রি হয়েছে। দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে ক্লাবটিকে নতুন করে গড়ে তোলার আশায় এই মালিকানা হস্তান্তরকে দেখছেন সমর্থকেরা।

একসময় ফরাসি ফুটবলের অন্যতম শক্তিশালী দল ছিল বোর্দো। ক্লাবটি ছয়বার ফরাসি লিগ শিরোপা জিতেছে। ২০০৯ সালে সর্বশেষ লিগ শিরোপা জয়ের পাশাপাশি জিনেদিন জিদানের মতো কিংবদন্তি ফুটবলারও খেলেছেন এই ক্লাবে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকা বিজেন্তে লিজারাজু ও ক্রিস্টোফ দুগারের মতো খেলোয়াড়দের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্লাবটির।

তবে সময়ের সঙ্গে পাল্টে গেছে বোর্দোর চিত্র। আর্থিক সংকটের কারণে ২০২২ সালে লিগ ওয়ান থেকে অবনমন ঘটে ক্লাবটির। এরপর ২০২৪ সালে পেশাদার ক্লাবের মর্যাদা হারানোর পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকেও বাদ পড়ে তারা। বর্তমানে ফরাসি ফুটবলের ষষ্ঠ স্তরে খেলতে হচ্ছে ঐতিহ্যবাহী এই দলকে।

মাত্র ১ ইউরোতে মালিকানা হস্তান্তর হলেও নতুন মালিকদের জন্য চ্যালেঞ্জ মোটেও ছোট নয়। ক্লাবটির ঋণ পুনর্গঠনের অংশ হিসেবে ১২ বছর মেয়াদি একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার আওতায় ঋণের পরিমাণ ২৬ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ১৩ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনার উদ্যোগ রয়েছে।

পরিকল্পনাটি অনুমোদনের জন্য আগামী ২০ অক্টোবর বাণিজ্যিক আদালতের সামনে হাজির হতে হবে নতুন মালিকপক্ষকে।

দীর্ঘদিনের অনিশ্চয়তা, আর্থিক সংকট ও মাঠের ব্যর্থতার পর নতুন মালিকানায় বোর্দো আবারও ঘুরে দাঁড়াতে পারবে কি না, এখন সেটিই সমর্থকদের বড় প্রশ্ন। একসময় ইউরোপীয় ফুটবলে দাপট দেখানো ক্লাবটির সামনে এখন হারানো গৌরব ফিরে পাওয়ার কঠিন চ্যালেঞ্জ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।