দক্ষিণ পূর্ব

মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি

Jalal Rumi
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬ ০১:৩৯ দুপুর
পঠিত : ২০
মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি

আইনজীবীদের মধ্যে হাতাহাতি

সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকার আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান বিচারক।

রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় এজলাসে ফিরে শুনানি গ্রহণ করেন বিচারক। শুনানি শেষে আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় এদিন আখতারুজ্জামানের জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির আগে দুপুর ২টা ৩৮ মিনিটে মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরিয়ে আখতারুজ্জামানকে আদালতের এজলাসে হাজির করা হয়। এর আগেই বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের উপস্থিতিতে আদালতকক্ষ ভরে যায়।

আখতারুজ্জামানকে হাজির করার প্রায় দুই মিনিট পর বিচারক এজলাসে ওঠেন। এ সময় আদালতের ভেতরে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুপুর ২টা ৪১ মিনিটের দিকে বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।

পরে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কয়েক মিনিট পর বিচারক আবার এজলাসে ফিরে আসেন।

এ সময় আখতারুজ্জামান আদালতের অনুমতি চেয়ে বলেন, তাঁর পক্ষে ১০ জন আইনজীবী বক্তব্য দিতে চান। জবাবে বিচারক সবাইকে একসঙ্গে কথা না বলে পর্যায়ক্রমে বক্তব্য দেওয়ার নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মামলার ঘটনাস্থলের বেশির ভাগ বিষয় সিসিটিভি ফুটেজে রয়েছে। তবে মারধরের কোনো দৃশ্য নেই। তাঁর দাবি, রাজনৈতিক কারণে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৭৩ বছর বয়সী এই আসামি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলেও আদালতকে জানান তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বিমানবন্দরে আখতারুজ্জামানের আচরণকে অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবাদেরও একটি নির্দিষ্ট ধরন রয়েছে। সেই সীমা অতিক্রম করলে তা অপরাধের পর্যায়ে পড়ে।

শুনানিতে আখতারুজ্জামানের বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে আদালতকক্ষে আবারও উত্তেজনা দেখা দেয়।

আব্দুর রাজ্জাক রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যের সমালোচনা করে বলেন, দায়িত্বশীল পদে থাকা একজন আইনজীবীর কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি আখতারুজ্জামানের জামিন প্রাপ্য বলে দাবি করেন।

পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হবে—এ খবর পেয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আদালত এলাকায় জড়ো হন। তারা সেখানে বিভিন্ন স্লোগান দেন। শুনানি শেষে বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী আদালতের নিচে গিয়ে জামায়াতপন্থি লোকজনকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে আখতারুজ্জামানের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের কথা-কাটাকাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়।

ঘটনার পর শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। ওই মামলায় আদালত আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর বিএনপির সাবেক নেতা আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেন। এর আগে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।