যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে থাকা প্রায় চার হাজার পারমাণবিক বোমার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য মাত্র ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট।
ট্রাম্প জানিয়েছেন, তিনি চান বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন নিজেদের পারমাণবিক অস্ত্রের বড় একটি অংশ ধ্বংস করতে সম্মত হোক। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন বলেও স্বীকার করেছেন তিনি।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে বুধবার চীনের শেনজেনে পৌঁছান ট্রাম্প। সেখানে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র কমানো বা নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তির বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রায় চার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার কাছে রয়েছে প্রায় ৩ হাজার ৮০০টি এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি।
তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্র বর্তমানে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রাশিয়া এবং তৃতীয় অবস্থানে চীন। তবে চীন দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, তিনি চান না দেশগুলো পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াক। অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে দুই হাজার অস্ত্র কমানোর প্রস্তাব দিলে তিনি মনে করেন, এত অস্ত্রের প্রয়োজন নেই। মাত্র ১০টি থাকলেই যথেষ্ট।
তবে পারমাণবিক অস্ত্র কমানোর উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, কাজটি তাঁর জন্য যেমন কঠিন, অন্য দেশগুলোর জন্যও তেমন কঠিন হতে পারে।
বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।