দক্ষিণ পূর্ব

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ০৯:৩৭ সকাল
পঠিত : ১২
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা
Degchibarictg

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনের এ সংলাপে নিরাপত্তা নিশ্চয়তাসহ যুদ্ধ অবসানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে কয়েক দফা আলোচনার পর নতুন করে এই সংলাপকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো আবুধাবিতে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনাভিত্তিক সমাধানের জন্য কাজ করছেন।

কুশনার বলেন, এ আলোচনার মাধ্যমে একটি সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেন গড়ে তোলার পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তাব্যবস্থা আরও স্থিতিশীল হবে।

রাশিয়া-ইউক্রেনের অবস্থানে বড় ব্যবধান

প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চার অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে অঞ্চলগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি মস্কো।

এ ছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা পরিত্যাগ, সামরিক সক্ষমতার ওপর সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং দেশটিতে রুশ ভাষা ও মস্কোপন্থী অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন পুতিন।

এসব শর্তের ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি চান রুশ প্রেসিডেন্ট। তবে তিনি সরাসরি যুদ্ধবিরতিতে সম্মত নন। তার যুক্তি, যুদ্ধবিরতি হলে ইউক্রেনীয় সেনারা বিশ্রাম নেওয়া এবং অস্ত্রের মজুত পুনর্গঠনের সুযোগ পাবে। শান্তির শর্ত মেনে নেওয়া না হলে শক্তি প্রয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর সীমাবদ্ধতা আরোপের প্রস্তাবও নাকচ করেছেন তিনি।

পশ্চিমা অংশীদারদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা চুক্তি বা সমঝোতার ক্ষেত্রে রাশিয়ার বিধিনিষেধ আরোপের দাবিও প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ইউক্রেনের মতে, ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিয়েভের অবস্থান, বৃহত্তর শান্তি চুক্তির পথে এগিয়ে যেতে হলে প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠককে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখছে ইউক্রেন।

আলোচনায় অভিজ্ঞ প্রতিনিধিরা

এবারের সংলাপে দুই দেশের প্রতিনিধি দলে রয়েছেন আগের আলোচনাগুলোতে অংশ নেওয়া জ্যেষ্ঠ কর্মকর্তারা।

রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনার সময় থেকেই তিনি রুশ দলের নেতৃত্ব দিয়ে আসছেন।

রুশ প্রতিনিধি দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।

অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ। দলে আরও রয়েছেন জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপলের পার্লামেন্টারি নেতা দাভিদ আরাখামিয়া।

দুই দেশের মধ্যে ভূখণ্ড, সামরিক সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে মতপার্থক্যের মধ্যেই শুরু হচ্ছে এ সংলাপ। আলোচনায় এসব বিষয়ে কতটা অগ্রগতি হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।