দক্ষিণ পূর্ব

যুব এশিয়া কাপেও ব্যাটিং বিপর্যয়, বড়দের পুরোনো রোগ ছোটদের দলে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১০:১১ দুপুর
পঠিত : ৩৯
যুব এশিয়া কাপেও ব্যাটিং বিপর্যয়, বড়দের পুরোনো রোগ ছোটদের দলে



বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের সমস্যা ব্যাটিং ব্যর্থতা। জাতীয় দলের সেই পুরোনো রোগ এবার স্পষ্ট হয়ে উঠেছে যুব দলেও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে গেলেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। পুরো টুর্নামেন্টে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতাই হয়ে উঠেছে দলের ভরাডুবির অন্যতম কারণ।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেমিফাইনালে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় ফরিদ হাসান ফয়সালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অথচ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী ছিল যুবা টাইগাররা। কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা ছিল শিরোপা জয়ের।

কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়নি। পুরো টুর্নামেন্টে আহসান আল মুমিন ছাড়া অন্য ব্যাটারদের ধারাবাহিকতা ছিল না। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালেও ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটেছে।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জারিফ সিয়াম, কাউসার আহমেদদের ব্যাট থেকে প্রত্যাশিত রান আসেনি। আল মুহি ছাড়া টপ অর্ডারের অন্য ব্যাটাররা বড় কোনো অবদান রাখতে পারেননি। ১০০ রান হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিমও সেমিফাইনালে ব্যর্থ হন। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। শেষ দিকে আল রাফির ২০ রান ছাড়া আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

টুর্নামেন্টের পরিসংখ্যানও বাংলাদেশের ব্যাটিং দুর্বলতার চিত্র তুলে ধরেছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের বিপক্ষে স্বাভাবিক ব্যাটিং করতে পারেনি দল। কেবল তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষেই সাবলীল দেখা গেছে ব্যাটারদের। সেই ম্যাচে ৩০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এর মধ্যে আহসান মুমিন একাই করেন ১৫২ রান।

ব্যাটারদের এমন ব্যর্থতার বিপরীতে বোলারদের পারফরম্যান্স ছিল তুলনামূলক ভালো। ফলে দল নির্বাচন ও ব্যাটিং পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে।

যদিও বয়সভিত্তিক এই টুর্নামেন্টে সেরা ব্যাটারদের নিয়েই দল গঠন করা হয়েছিল বলে সংশ্লিষ্টদের দাবি। তবে এমন ব্যর্থতার পরও এখনই হতাশ হতে রাজি নন প্রধান কোচ হান্নান সরকার।

ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘এটা কেবল শুরু। অনেক লম্বা পথ বাকি আমাদের।’

যুব দলের এই ব্যর্থতা আবারও সামনে নিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটের পুরোনো প্রশ্ন—ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে না কেন দেশের ক্রিকেটাররা? জাতীয় দল থেকে বয়সভিত্তিক দল, একই সমস্যার পুনরাবৃত্তি কি তবে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবনার দাবি রাখে?

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।