ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খেল পর্তুগাল। ঘরের মাঠে উয়েফা নেশনস লিগের ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। রোনালদোকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার আবেগঘন রাতটি শেষ পর্যন্ত পর্তুগিজ সমর্থকদের জন্য হতাশায় রূপ নেয়।
ম্যাচের শুরুটা ছিল রোনালদোময়। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৪১ বছর বয়সী এই মহাতারকা। তাঁকে সম্মান জানাতে এদিন পর্তুগালের সব খেলোয়াড় ও মাঠের মাসকট ‘রোনালদো ৭’ লেখা জার্সি পরে মাঠে নামেন। গ্যালারিতেও ছিল বিশেষ আয়োজন। দর্শকেরা ওপরের স্তরে ‘রোনালদো’ এবং নিচের স্তরে ‘গোট’ (সর্বকালের সেরা) লিখে প্রদর্শন করেন। ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডে ভেসে ওঠে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা।
তবে মাঠের খেলায় সেই আবেগের প্রতিফলন ঘটাতে পারেনি পর্তুগাল। বরং ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডেনমার্ক। রুবেন দিয়াজের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে ৪৩ মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বার্গ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডেনমার্ক। ৪৯ ও ৫৭ মিনিটে মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন রাসমুস হলুন্দ। এতে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পর্তুগাল। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেড থেকে আসে ডেনমার্কের চতুর্থ গোল। নির্ধারিত সময়ের পর যোগ করা তৃতীয় মিনিটে বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনমার্ক।
টানা চার জয়ে আগেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে ওয়েলসের বিপক্ষে অন্তত হার এড়াতে হবে তাদের।
অন্যদিকে পর্তুগালের বিপক্ষে বড় এই জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে ডেনমার্ক। মঙ্গলবার নিজেদের মাঠে নরওয়ের মুখোমুখি হবে দলটি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।