জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। দেশটির দাবি, এই রায়ে মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে এবং সিদ্ধান্তটি সর্বসম্মত নয়।
শুক্রবার রাজধানী নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, আইসিজের এই সিদ্ধান্ত ন্যায়সংগত নয়। তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়।’
রায়ের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, বিশ্বের প্রভাবশালী নেতারাও অতীতে আন্তর্জাতিক বিচার আদালতের মতো সংস্থাগুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর রোহিঙ্গা গণহত্যার বিষয়ে এই ঐতিহাসিক রায় ঘোষণা করে আইসিজে। এতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর অভিযোগের সত্যতা তুলে ধরা হয়। ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত করে রায় দিয়েছে বিশ্ব আদালত।
১৯১ পৃষ্ঠার রায়ে বিচারকেরা উল্লেখ করেন, তথাকথিত ‘শুদ্ধি অভিযান’-এর নামে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের হত্যা করেছে। নারী ও শিশুদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালানোর পাশাপাশি শত শত গ্রাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনও গুরুত্ব পেয়েছে। ওই ঘটনা প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করে ৫০০ দিনের বেশি কারাগারে আটকে রাখার বিষয়টিও উঠে এসেছে।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার রোহিঙ্গারা এখনো নিজ দেশে সহিংসতা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনাকীর্ণ শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন করছেন।
আদালতের রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অন্যায়ের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতার কথাও বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও নিজ দেশে ফেরার বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। কারণ, আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক হলেও তা সরাসরি কার্যকর করার নিজস্ব ক্ষমতা আদালতের সীমিত। ফলে রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।