২০১৭ সালে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিপ্রায়ে কাজ করার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে এ রায় ঘোষণা করেন।
রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, তথ্যপ্রমাণে দেখা গেছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা চালানোর পাশাপাশি শিশুদের ওপর চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়।
আদালত উল্লেখ করেন, উপস্থাপিত নির্দিষ্ট কিছু ঘটনার ক্ষেত্রে মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়েই কাজ করেছে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ওই অভিযানকে কেন্দ্র করেই মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা হয়।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়েছে মিয়ানমার। গাম্বিয়া আইসিজের কাছে মিয়ানমারকে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা, রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানায়।
তবে মিয়ানমারের দাবি, পুলিশ ফাঁড়িতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের হামলার জবাব দিতেই ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। অধিকাংশের অবস্থান কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে। সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার কারণে রোহিঙ্গাদের বড় একটি অংশ এখনো অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মূল কাজ রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করা। আন্তর্জাতিক অপরাধে ব্যক্তির বিচার করা এ আদালতের এখতিয়ার নয়। তবে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রের দায় নির্ধারণের জন্য গাম্বিয়া আইসিজের দ্বারস্থ হয়।
এর আগে ২০১৮ সালে শত শত মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তাঝুঁকির তুলনায় মাত্রাতিরিক্ত ছিল। ওই প্রতিবেদনে রাখাইনে গণহত্যা এবং দেশটির অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে।
মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করার ক্ষেত্রে আইনি জটিলতা ছিল। এ পরিস্থিতিতে ২০১৯ সালের নভেম্বরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আইসিজেতে মামলা করে।
গাম্বিয়ার যুক্তি ছিল, গণহত্যা সনদের প্রতি সব রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। তাই এই সনদ কার্যকর রাখার বিষয়ে সব রাষ্ট্রেরই স্বার্থ রয়েছে।
মামলায় শুধু মিয়ানমারের সামরিক বাহিনী নয়, দেশটির রাষ্ট্রীয় দায় নির্ধারণের আবেদন করা হয়। আন্তর্জাতিক আইনে এটি ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগে মামলা করে। মিয়ানমার গাম্বিয়ার এই মামলা করার অধিকারের বিরোধিতা করলেও আইসিজে গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে বলে সিদ্ধান্ত দেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।