দক্ষিণ পূর্ব

শেখ হাসিনাকে যেভাবে ভারতে নেওয়া হয়েছিল, সেভাবেই ফেরত চায় ভারত

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১০:০৮ দুপুর
পঠিত : ৪৬
শেখ হাসিনাকে যেভাবে ভারতে নেওয়া হয়েছিল, সেভাবেই ফেরত চায় ভারত


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত দিয়েছে নয়াদিল্লি। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিয়ে তাকে দেশে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ঘিরে মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এবারও একইভাবে বাংলাদেশের একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার পক্ষে ভারত। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে বাংলাদেশের সেনাসদস্যদের কাছে তাকে হস্তান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

নয়াদিল্লি মনে করছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও অস্বস্তি তৈরি করছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ভারতকে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নীতিনির্ধারকদের প্রাথমিক চেষ্টা ছিল শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো। এ নিয়ে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেও সফলতা আসেনি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন সম্ভাব্য সমাধান হিসেবে দেখছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে হস্তান্তর করতে চায় না ভারত। বরং তিনি যেন নতুন করে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান, সেটি নিশ্চিত করতে চায় দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার পক্ষেও অবস্থান ভারতের।

এদিকে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে বলে মনে করছে নয়াদিল্লি। ভারতীয় একটি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি বিষয় পর্যালোচনার কথা বলে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে ভারত। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাকে তুলে দিতে চায় না দেশটি। এতে প্রতিবেশী দেশগুলোর মিত্র রাজনৈতিক নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে আশঙ্কা ভারতের।

তবে গত কয়েক মাস ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিশ্চিত করাই ছিল এসব আলোচনার অন্যতম উদ্দেশ্য।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে আগেও প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

তবে বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে আদৌ আগ্রহী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় কর্মকর্তাদের। জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে তার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।

ভারতের সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন হলেও তার ফেরার ঘোষণায় ভারত সম্মতি দিয়েছে। এতে ভবিষ্যতে বলা যাবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন অজুহাতে তা সম্ভব হয়নি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ফিরতে না পারলেও ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।