নিজেদের মাঠে ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত লড়াইও করেছে দারুণভাবে। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলে সব স্বপ্ন ভেঙে গেছে। ম্যাচের ৮৫ মিনিটে গোল হজম করে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। অন্যদিকে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে খেলেন শুকি ইতোফুসা। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে পড়ায় তাঁর জায়গা নেন রহমত মিয়া।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলে পাকিস্তান। বক্সের বাইরে থেকে আলী উজায়েরের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সাত মিনিটে পাল্টা আক্রমণে যায় বাংলাদেশ। কাজেম শাহর নেওয়া নিচু শট সহজেই নিয়ন্ত্রণে নেন পাকিস্তানের গোলরক্ষক।
১৬ মিনিটে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান। সাত মিনিট পর গোলের সবচেয়ে ভালো সুযোগগুলোর একটি পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে বাঁ পায়ের শট নেন রাকিব। তবে গোলরক্ষকের হাতে লেগে বল পোস্টে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ।
৩২ মিনিটে অল্পের জন্য গোল হজম থেকে বেঁচে যায় বাংলাদেশ। সতীর্থদের সঙ্গে সমন্বয়ের অভাবে আবদুল সামাদ আজাদ বল পেয়ে শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন জিদান ইউসুফ।
৪১ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। শুকি ইতোফুসার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়ায় হতাশা নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ইতোফুসার গতিময় আক্রমণে বেশ কয়েকবার চাপে পড়ে পাকিস্তানের রক্ষণভাগ। তবে গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব হয়নি। ৬১ মিনিটে ফারহান চেষ্টা চালান। পরের মিনিটেই শুকি ইতোফুসার পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম।
৭৬ মিনিটে রহমত মিয়ার পরিবর্তে মাঠে নামেন বিশ্বনাথ ঘোষ। এর আগে হামজার ফাউলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। আদিল নবীর নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। কিছুক্ষণ পর হারিস আলীর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শটও দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। তবে তিন মিনিট পরই ঘটে সর্বনাশ। প্রতিপক্ষের শট তালুবন্দী করার পর লম্বা থ্রো করতে গিয়ে বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে আবদুল সামাদ শেহজাদ বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে পাঠান। শ্রাবণ ঝাঁপিয়ে পড়েও গোল ঠেকাতে পারেননি।
গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। যোগ করা সময়ে জামাল ভূঁইয়া, ফাহামিদুল ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামানো হয়। এর মধ্যে মাঠে ফ্লেয়ার উড়লে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।
শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতির উপক্রম হলেও পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। তাতে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ইতিহাস গড়ে দলটি। আর বাংলাদেশের অপেক্ষা বাড়ল আরও একবার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।